September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় আর্থিক জরিমানাসহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচাল শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠান হিসেবেও আইএফআইসি ব্যাংক পিএলসিকে সতর্ক করা হয়েছে।

এছাড়া, আইএফআইসি ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল (এনডিসি), কাওমরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

বিএসইসি জানায়, পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Viewed 6100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!