‘ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট টিকে আছে’
ডেস্ক রিপোর্ট : জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত টিকে আছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
তিনি বলেন, দেশে কালচারাল ফ্যাসিস্টরা এখনো আগের মতোই সক্রিয়। তাদের সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে না সরালে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদিক কায়েম।
তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের একজন সংস্কৃতি কর্মী শহীদ হয়েছেন, তিনি ছিলেন উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির। আমরা তারসহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তাদের জান্নাতবাসী করেন।
ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর গোড়া এখনো পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। মুজিববাদ ও তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে প্রভাব বিস্তার করে আছে। গত এক বছরে আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবকে ঘিরে একাডেমিক ও সাংস্কৃতিকভাবে ব্যাপক কার্যক্রম চালানো। কিন্তু সেই জায়গায় এখনো অনেক গ্যাপ রয়ে গেছে।
সাদিক কায়েম বলেন, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তাই এবার ‘জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট’ আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, এটি হবে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় আয়োজন। এই আয়োজনে আমরা জুলাইকে আবারও প্রাণবন্ত করে তুলতে চাই। এই উৎসবে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গাজী, সংস্কৃতিকর্মী ও জনগণ সবাই উপস্থিত হবেন।
খুনি হাসিনার শাসনামলের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছরে খুনি হাসিনা বাংলাদেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ‘আয়নাঘর’ প্রতিষ্ঠা করেছে, ছাত্রজনতার ওপর হত্যাকাণ্ড চালিয়েছে, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর চালিয়েছে নির্যাতন-নিপীড়ন –আমরা সেই বাস্তবতাগুলোও আমাদের কালচারাল ফেস্টে তুলে ধরব।
শিবিরের এ নেতা বলেন, বাংলাদেশে মুজিববাদের ছত্রছায়ায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, আমরা সেটির চিত্রও আমাদের আয়োজনে তুলে ধরব। এই কালচারাল ফেস্ট হবে স্মরণকালের অন্যতম বৃহৎ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Viewed 6450 times