September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডাকাত শাহীনের সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক

ডেস্ক রিপোর্টঃ রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি।

 

বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে ৪টি আগ্নেয়াস্ত্র একনালা বন্দুক, ১টি দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গোলাবারুদ, ৬টি খালি খোসাসহ আটক করে নাইক্ষংছড়ির ১১ বিজিবি।

 

২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দ ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিল নুরুল আবছার। সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।

 

ইতোপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শাহীন বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বলে বিজিবির দাবি।

 

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।

 

আটক আসামি নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে সীমান্ত সন্ত্রাসী, গরু চোরাচালান ও ইয়াবা পাচার দমনে বিজিবির এমন অভিযান সীমান্ত এলাকার অপরাধ প্রবণতাকে প্রতিরোধ করে এলাকায় স্বস্তি ফিরাবে বলে মনে করছেন সচেতন মহল।

Viewed 7000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!