ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট
ডেস্ক রিপোর্ট : ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেটি অনুযায়ী ৯ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।
আর, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ অগাস্ট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯ অগাস্ট।
২৫ অগাস্ট দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ অগাস্ট। ৯ সেপ্টেম্বর ভোটের পরপরই গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।
এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে ২০১৯ সালে শেষবার ডাকসু নির্বাচন হয়েছিল।
Viewed 6000 times