August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট : ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আজকের দিনসহ আর মাত্র তিন দিন সময় হাতে আছে। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে সনদের বিষয়টি চূড়ান্ত করতে হবে। আর প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজ বা কাল রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন আলী রীয়াজ।

আজকের আলোচনার বিষয় তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এ ছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আজ আলোচনা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে কমিশন আজ নতুন করে প্রস্তাব হাজির করবে বলে জানিয়েছেন আলী রীয়াজ। তিনি বলেন, গতকাল থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় আলোচনায় আসার পর কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন করে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলোকে সমন্বিত করে তাঁরা একটা প্রস্তাব সবার সামনে হাজির করতে চাচ্ছেন।

আলী রীয়াজ বলেন, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের প্রাথমিক খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল পর্যন্ত সেগুলোর মন্তব্যের জন্য তাঁরা অপেক্ষা করবেন। তিনি আশা করছেন, বিভিন্ন মন্তব্য সমন্বয় করে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পারবেন। যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেসব বিষয় ও মন্তব্যগুলো নিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে সনদের চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারবেন বলে আশা করছেন তিনি।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

 

Viewed 13350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!