‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপে ডুববে পাকিস্তান’
ডেস্ক রিপোর্টঃচলতি মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও এমন পারফরম্যান্স হলে ভরাডুবি হবে পাকিস্তানের। এমনটি বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, ‘এটা তো বাংলাদেশ ছিল, যদি আপনারা ভালো দলের সাথে খেলেন, ধরা যাক এশিয়া কাপে এই ধরনের পিচে, তাহলে আরও মুশকিল হয়ে যাবে। তখন পাকিস্তানের দলের শারীরিক ভাষাও খারাপ হয়ে যায়, তিন-চারটে উইকেট পড়লে একরকম ব্রেক লেগে যায়।’
ক্রিকেটে থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির দায়িত্ব দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বর্তমানে ধারাভাষ্য দিয়ে যাওয়া রমিজ রাজা বলেন, ‘এটাও দেখতে হবে যে কীভাবে একটা নাজুক পরিস্থিতিতে নিজেদের শারীরিক ভাষা বজায় রাখা যায় এবং বুদ্ধি দিয়ে ব্যাটিং করা যায়, বুদ্ধি দিয়ে বোলিং করা যায়। এই হার থেকে শিখতে হবে, এগিয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক কিছু করতে হবে, নিজের টেকনিকের উপরও কাজ করতে হবে, শুধু বড় হিট মেরে কাজ হবে না। বড় হিট মারার পিছনে অনেক কাজ করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার ফখর জামানের ব্যাটে। এ ছাড়া খুশদিল শাহ ১৭ ও আব্বাস আফ্রিদি ২২ রান করেন।
দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ করে ২০ ওভারে ১৩৩ রান। জবাবে ১২৫ রানে থামে পাকিস্তান। ৩২ বলে ৫১ রান করেন ফাহিম আশরাফ। দলটির প্রথম ছয় ব্যাটার আউট হন এক অঙ্কের ঘরে। তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ভালো ব্যাটিংয়ে জিতে যায় পাকিস্তান।
তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে পাকিস্তান তোলে ১৭৮ রান। সেই ম্যাচে বাংলাদেশ অল আউট হয় ১০৪ রানে। ম্যাচটি ৭৪ রানে জিতে পাকিস্তান। তবুও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের বেদনা ভুলতে পারছেন না রমিজ।
তিনি বলেন, ‘পাকিস্তানকে উৎসাহিত করা খুব সহজ যে, ‘কোনো ব্যাপার না, এমনটা হতেই পারে’, ‘দুর্ভাগ্য’, ‘তোমরা তো লড়াই করেছ’। কিন্তু দিনের শেষে আসল কথা হলো, আপনারা সিরিজ হেরে গেছেন। বাংলাদেশের কাছে সিরিজ হেরেছেন এবং এটা প্রথমবার ঘটল।’
Viewed 8600 times