September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গেন্ডারিয়ার দয়াগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার দয়াগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম আরিফুল ইসলাম বাবু (৩৫)। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দয়াগঞ্জ রেললাইন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সেখানকার একটি হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফুলের স্ত্রীর আত্মীয় নাজমা বেগম বলেন, ভোরে আরিফুল সিগারেট কিনতে দোকানে যান। তখন রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ চার–পাঁচজন মিলে তাঁকে কুপিয়ে আহত করেন। আরিফুল মাথায় ও দুই হাতে আঘাত পান। আরিফুলের মুঠোফোন নিয়ে যান তাঁরা।

 

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক আমির হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরিফুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। বাবার নাম সেকেন্দার আলী। বর্তমানে আরিফুল স্ত্রী ও পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার মীরহাজীরবাগ দয়াগঞ্জ গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার মালিক ছিলেন।

Viewed 8500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!