August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইনে গেটম্যান নিয়োগ, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার বগুড়াঃবগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থিত অরক্ষিত রেলক্রসিংয়ে অবশেষে দুইজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই পদক্ষেপ নেয়া হয়।

 

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে জানান, “সরকারি নিয়ম-কানুন মেনেই নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। তবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে আমরা দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দিয়েছি।”

 

প্রসঙ্গত, গত ৬ জুলাই আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

প্রথমে স্মারকলিপি প্রদান, পরে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ না আসায় তৃতীয় ধাপে এসে তারা রেলপথ অবরোধ করেন। এতে রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন বগুড়ায় এবং দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু স্টেশনে আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

 

পরিস্থিতি উত্তপ্ত হলে রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে সাতদিন সময় চায়। শেষমেশ সেই সময়সীমার মধ্যেই গেটম্যান নিয়োগ দিয়ে দাবি পূরণ করে কর্তৃপক্ষ।

 

গেটম্যান নিয়োগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে রেল চলাচল স্বাভাবিক হয় এবং কলেজ এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ ফিরে আসে।

Viewed 5900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!