বগুড়া শেরপুরে পথরোধ করে চাচা-ভাতিজার উপর হামলা: মোটরসাইকেলে আগুন
উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে পথরোধ করে চাচা-ভাতিজার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় তাদের বেধড়ক মারধর করার পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের পান্ডারা গ্রামে ঘটনাটি ঘটে। পরে ঘটনার রাতেই জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোছা. লাবনী খাতুন (৩৭)। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পানিসারা গ্রামের মিজানুর রহমান ও মঞ্জুরুল ইসলাম সম্পর্কে চাচা-ভাতিজা। তাঁরা স্থানীয় আলতাদিঘী বোর্ডের হাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে মালিহাটা গ্রামে পৌঁছালে সংঘবদ্ধ চক্রের বেশকয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন এবং বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করেন হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তীতে আহত মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করেন।
বিজ্ঞাপন
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, পূর্বশক্রতার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে তাকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Viewed 28100 times



