May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গোপালগঞ্জের ঘটনায় মামলা হয়নি এখনো, আটক ১৪

ডেস্ক রিপোর্টঃজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  ‘সংঘাতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।  তারা থানায় আছেন। রাত ৩টার দিকে যৌথ বাহিনী তাদের থানায় হস্তান্তর করে। শহরের পরিবেশ এখন শান্ত রয়েছে। ’

বুধবার দিনভর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত, অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

হামলা ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। এর ফলে র‌্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে।

Viewed 7450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!