August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় বাঙালি নদীতে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুইজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও চারশ মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।

 

 

অভিযানটি পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত।

 

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া এলাকায় বাঙালি নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীতে ভাঙনের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। উত্তোলিত বালু নদীতীরেই স্তুপ করে রাখা হতো এবং ট্রলিযুক্ত ট্রাক্টরের মাধ্যমে তা বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সেনাবাহিনী ও প্রশাসন যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গাবতলি উপজেলার কাতুলী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বুলবুল আহম্মেদ (৩২) এবং সুখানপুকুর ইউনিয়নের নওদাবগা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহিন আলম (৩৫)-কে আটক করা হয়।

 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, যমুনা ও বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ উত্তোলনের তথ্য পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Viewed 14300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!