April 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ইট-বালুর ব্যবসা বিরোধে জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা 

রুহুল আমিন শাহিন,জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর ইট-বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রকি মাহমুদ (২০) নামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বনানী এলাকায় কাস্টমস্ অফিসের কয়েক গজ দক্ষিণে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত দু’টি দা ও দু’টি হাতুড়ি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

রকির বড় ভাই রানা (২৬) জানান, গতকাল বুধবার রাতে রকি তাকে মোবাইল ফোনে জানিয়েছিল ইট-বালুর ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সাথে তার ঝামেলা চলছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকেও রকির সাথে ফোনে কথা হয়েছে বলে রানা উল্লেখ করেন। তিনি বলেন, রকিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন ঘাড়ে দা দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করেছে।

 

 

 

রকির মা হালিমা বেগম (৬০) বলেন, রকি ইট-বালুর ব্যবসা করতো। আজ দুপুরে তাকে মোবাইল ফোনে বনানী এলাকায় ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে খুন করেছে।

 

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত দু’টি দা ও দু’টি হাতুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া খুনিদের শনাক্তপূর্বক গ্রেফতার এবং খুনের ক্লু উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

Viewed 2100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!