পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
Online Desk:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরবর্তী সময়ে মারধরের ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তা ছাড়াও অফিস সহকারী আহত হন।
পরবর্তী সময়ে এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Viewed 300 times

