ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্য জব্দ
অনলাইন ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবির পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। রবিবার গভীর রাতে ও সোমবার ভোরে পরিচালনা করা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম.শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবার মাদলা বিওপি’র বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কাশিরামপুর এলাকার পিলার-২০৪৫/এম শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় উন্নতমানের দুই হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।
এদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দখলা নামক স্থান হতে ভারতীয় উন্নমানের ১৭ হাজার ২৯৫ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করে।
যার সর্বমোট সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নে সোমবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম অভিযান বিষয়ে জানান, ৬০ বিজিবি গত বছর প্রায় ১৪০ কোটি টাকার পণ্য জব্দ করে। এ বছরের ৩০ মার্চ নাগাদ জব্দ করা হয় ১৬ কোটি ৪৩ লাখ টাকার পণ্য। আটক করা হয় ১০ জন আসামীকে।
Viewed 1000 times