March 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আড়াই মাসে অনলাইনে প্রায় ২৫ হাজার ইউপির অনুমতি এনবিআরের

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ চলতি বছরের প্রথম আড়াই মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রায় ২৫ হাজার ব্যবহার অনুমতি (ইউপি) জারি করেছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এনবিআর জানায়, বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে “কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতি” নামে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বন্ডেড গুদাম লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কাঁচামাল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ব্যবহার অনুমতি নিতে পারছে।

 

এতে আরও বলা হয়, আমদানি-রফতানি সংক্রান্ত কাগজপত্র অনলাইনে যাচাইয়ের সুবিধার্থে সফটওয়্যারটি বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে গিয়ে সেবা নিতে হচ্ছে না।

 

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যবহার অনুমতি জারিসহ এ-সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকেই অনলাইনে সব ব্যবহার অনুমতি দেওয়া হচ্ছে।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত সময়ে মোট ২৪ হাজার ৯৬৩টি ব্যবহার অনুমতি অনলাইনে জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

 

সংস্থাটি আরও জানায়, সেবাটি আরও সহজ ও কার্যকর করতে বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর এবং বিজিএমইএ ও বিকেএমইএ-এর অনলাইন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

 

এনবিআরের মতে, অনলাইনে ব্যবহার অনুমতি জারি হওয়ায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হওয়ার পাশাপাশি বিনিয়োগ পরিবেশও উন্নত হচ্ছে।

 

কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে পর্যায়ক্রমে বন্ড নিরীক্ষাসহ সংশ্লিষ্ট সব সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!