May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গোমতীর তীরে ইফতার করলেন কৃষিমন্ত্রী

জাতীয় ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার গোমতী নদী পরিদর্শনে গিয়ে নেতাকর্মীদের নিয়ে নদী তীরে ইফতার করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় গোমতী রক্ষা এবং দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং গোমতীর বর্তমান অবস্থা ও নাব্য সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, গোমতী নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বিশেষ করে কুমিল্লার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

নদী পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী গোমতী নদীর পাড়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় তিনি এলাকার তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন।

 

তিনি বলেন, তরুণরাই পারে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত গোমতী উপহার দিতে।

 

কৃষিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন, গোমতী নদী দখল ও দূষণমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেবে।

Viewed 2250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!