বগুড়ায় সড়কে রশি টেনে থামিয়ে মোটরসাইকেল ও লক্ষাধিক টাকা ছিনতাই
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে সড়কে রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে দুর্বৃত্তরা দুই মোটরসাইকেল আরোহীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তোভোগি মোস্তাক আহম্মেদ। ভুক্তভোগীরা হলো মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের হায়দার আলীর ছেলে মোস্তাক আহমেদ (৫১) এবং রাজবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে মুকুল হোসেন (২৩)। স্থানীয়রা জানান, সড়কটি রাতে নির্জন থাকে। সম্প্রতি ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় যাতায়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মোস্তাক আহম্মেদ জানান, গত রবিবার রাতে বালুর বিল পরিশোধ করার জন্য তারা দু’জন একটি মোটরসাইকেলে করে, মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২ টার সময় বোয়াইল জোর চড়া এলাকায় পৌঁছান। এ সময় অন্ধকার রাস্তায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাদের দু’জনকে মারধর করে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন এবং ব্যবহৃত (জিকসার এসএফ) মডেলের মোটরসাইকেলটি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি কোনো ডাকাত দলের কাজ নয়, এটি ছিনতাইকারীদের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Viewed 2500 times


