March 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ

পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে ঈদের আগে ও পরে ছুটির সময়ে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

পাশাপাশি সব ডিজিটাল সার্ভিস, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসসহ নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন সেবা স্বাভাবিক রাখতে নিরাপত্তা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পরিদর্শন চালু রাখার কথা বলা হয়েছে।

 

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফশিলি ব্যাংক, এমএফএস, পেমেন্ট সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

 

তফশিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে; বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে।

 

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

 

এছাড়া ঈদের ছুটি চলাকালীন যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানা‌তে হবে; ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক কর‌তে প্রচার প্রচারণা চালাতে বলা হ‌য়ে‌ছে। গ্রাহককে সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা দিতে হবে এবং আগের জরি করা এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

 

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। এর ফলে সব সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাতদিন ঈদের ছুটি থাকবে এবার।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Viewed 1200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!