শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবদুল খালেকের যোগদান
ডেস্ক রিপোর্টঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব পদে আবদুল খালেক যোগদান করেছেন। যোগদানের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার বিকালে নতুন সচিব শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তারা।
এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল খালেক। বিসিএস ৮৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়। অদক্ষতা ও বদলি বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করে সরকার।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৪ ব্যাচের একজন চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রশাসক হিসেবে যশোর ও চাঁদপুরে সফলভাবে দায়িত্ব পালন করেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করাসহ ডাম্পিং পোস্টিংয়ে ফেলে রাখা হয়।
তিনি দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও বোর্ড অব ইনভেস্টমেন্টে (বিওআই) দায়িত্ব পালন করেন। নির্যাতিত কর্মকর্তা বিবেচনায় চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভূতাপেক্ষভাবে তিনি অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি লাভ করেন।
আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মিসেস রুবিনা খালেক একজন কলেজ শিক্ষক। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। তিনি বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
Viewed 300 times