নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্টঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার ইসির এক চিঠিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। অপর এক চিঠিতে নৌযান চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়।
এদিকে অপর এক পরিপত্রে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা নির্বাচনি ক্যাম্প স্থাপন ও প্রচার কার্যক্রম চালাতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পোস্টার, লিফলেট বা যে কোনো ধরনের প্রচারপত্র ভোটগ্রহণ শুরুর আগেই সরিয়ে ফেলতে হবে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থী বা তাদের পক্ষে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।
এতে বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ বা মার্কিং প্লেস স্থাপন করতে হবে। কক্ষগুলো এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে ভোটদানের সময় ভোটারের পছন্দ সম্পূর্ণ গোপন থাকে এবং কোনো ব্যক্তি তা দেখতে না পারে। জানালা বা উন্মুক্ত স্থান থাকলে তা বন্ধ রাখতে হবে। এদিন সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় প্রত্যেক ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে। এ কারণে প্রতিটি ভোটকক্ষের সঙ্গে যতদূর সম্ভব দুটি গোপন কক্ষ স্থাপন করতে হবে। যেখানে তা সম্ভব হবে না, সেখানে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় ভোটকেন্দ্রে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো বাক্স ব্যবহার করা যাবে না। প্রতিটি ভোটকক্ষের জন্য একটি এবং অতিরিক্ত হিসাবে একটি ব্যালট বাক্স রাখতে হবে। ভোটগ্রহণ চলাকালে কোনো ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেলে সেটি পঞ্চম লক দিয়ে সিল করে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Viewed 3400 times