May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নির্বাচনী নিরাপত্তা জোরদারে শাজাহানপুরে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন সেনা কর্মকর্তারা 

রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়াঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে ভোটকেন্দ্রগুলোতে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

গতকাল বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কর্মকর্তারা শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে নগর জে এম কামিল মাদ্রাসা, নগর বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর নগর আজিরুন মহিলা ফাযিল মাদ্রাসা উল্লেখযোগ্য। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখা হয়।

সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অগ্রগতি ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। কোথায় ক্যামেরা বসানো হয়েছে, মনিটরিং ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে কি না, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সেনা ওয়ারেন্ট অফিসার ওয়ালিউর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

নগর জে এম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল বিলাল বিন নবাব বলেন, সেনাবাহিনীর নিয়মিত পরিদর্শন ও তদারকিতে ভোটকেন্দ্রের পরিবেশ অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে। নির্বাচনকে ঘিরে যেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাতে ভোটাররা নিশ্চিন্তে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, শাজাহানপুর উপজেলায় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ততই নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

Viewed 2600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!