August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কলকাতায় বিশৃঙ্খলার পুরো দায় মেসিকেই দিলেন গাভাস্কার

ডেস্ক রিপোর্টঃ

কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তার দায় সরাসরি মেসির ওপর চাপালেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বিশ্বকাপজয়ী তারকা নিজের প্রতিশ্রুতি পালন করেননি বলেই অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

১৩ ডিসেম্বর মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান। আয়োজকেরা জানিয়েছিলেন, এটি হবে দুই ঘণ্টার ফ্যান ইভেন্ট। কিন্তু কোনো কারণ না জানিয়ে অনুষ্ঠান হঠাৎ শেষ হয়ে যায়। হাজার হাজার টিকিট কাটা দর্শক মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি।

এরপর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ক্ষুব্ধ সমর্থকেরা সহিংস হয়ে ওঠেন। কলকাতা পুলিশ আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। ঘটনার দায় দেওয়া হয় রাজনীতিক ও ভিআইপিদের ভিড়কে। তবে গাভাস্কার এসব ব্যাখ্যা মানতে নারাজ।

স্পোর্টস্টারে লেখা এক কলামে তিনি বলেন, ‘যিনি নিজের প্রতিশ্রুতি রাখেননি, তাকে বাদ দিয়ে সবাইকে দোষ দেওয়া হয়েছে। চুক্তিতে কী ছিল তা প্রকাশ্যে আসেনি। কিন্তু যদি এক ঘণ্টা থাকার কথা থেকে তিনি অনেক আগেই চলে যান, তাহলে আসল দায় তার এবং তার সঙ্গে থাকা লোকজনের।’

নিরাপত্তা ঝুঁকির যুক্তিও নাকচ করেন গাভাস্কার। তিনি লেখেন, ‘হ্যাঁ, রাজনীতিক আর তথাকথিত ভিআইপিরা তার চারপাশে ছিলেন। কিন্তু তার বা তার দলের জন্য কোনো নিরাপত্তা হুমকি ছিল না।’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘তিনি একটি পেনাল্টি শট নিলেই তো আশপাশের সবাই সরে যেত এবং দর্শকরা তাদের নায়ককে দেখতে পেত।’

৭৫ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আয়োজকদের পক্ষেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির অনুষ্ঠান নির্বিঘ্নে হয়েছে। গাভাস্কার লেখেন, ‘অন্য জায়গাগুলোতে অনুষ্ঠান ভালো হয়েছে কারণ সেখানে প্রতিশ্রুতি রাখা হয়েছিল।’ শেষে তিনি যোগ করেন, ‘কলকাতার মানুষকে দোষ দেওয়ার আগে দেখা দরকার, দুই পক্ষই তাদের কথা রেখেছিল কি না।’

Viewed 3050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!