May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের ট্রাক চাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

এ ঘটনায় সানশাইন মডেল হাই স্কুলের সকল পরীক্ষা স্থগিত করে শোক পালনে একদিনের বন্ধ ঘোষনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়ার উদ্দেশ্যে মিরপুর বাজার থেকে বাসে তুলে দেওয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুরশ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন। তিনি আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Viewed 2900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!