May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ফুলবাড়ী কয়লাখনি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব

ডেস্ক রিপোর্টঃ

গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত মতামত প্রকাশের প্রেক্ষিতে ফুলবাড়ী কয়লাখনি ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৭ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুস্থ গণতন্ত্রের ভিত্তি হলো ভালো বিতর্ক; ব্যক্তিগত আক্রমণ কেবল অসহিষ্ণুতাকে উসকে দেয়।

প্রেস সচিব জানান, ফুলবাড়ি হত্যাকাণ্ডের খবরটি সম্ভবত আমিই প্রথম বিদেশি সংবাদদাতা হিসাবে প্রকাশ করি। এখনো মনে আছে, বিক্ষোভকারীরা নিহত হয়েছে—এই সত্যটি স্বীকার করাতে পুলিশকে কতটাই না বোঝাতে হয়েছিল। তখন আমি ঢাকায় এএফপি’র সংবাদদাতা ছিলাম। এশিয়ান এনার্জি কোম্পানিটি লন্ডনে তালিকাভুক্ত ছিল বলে এই খবরটি যুক্তরাজ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

তিনি বলেন, আমি তখন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি, এবং আজও নিন্দা জানাচ্ছি। বছরের পর বছর পুলিশ ও বর্ডার গার্ডরা বিক্ষোভ সামলাতে গিয়ে অতিরিক্ত সহিংসতার আশ্রয় নিয়েছে। এই সহিংসতার চক্র ভাঙতে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে।

সম্প্রতি ফুলবাড়ী ওপেন-পিট খনন প্রকল্প নিয়ে তার ব্যক্তিগত লেখাকে ঘিরে আলোচনার পর তিনি ব্যাখ্যা দিয়ে বলেন—সাম্প্রতিক ব্যক্তিগত পোস্টটি এসেছে সরকারের সঙ্গে ১৬ মাসের কাজের অভিজ্ঞতা থেকে। বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ, অথচ আমাদের আন্দোলন-সংগ্রাম অনেক সময় এই বাস্তবতাটি উপেক্ষা করে। আমি যদি এখনো এএফপি’তে কাজ করতাম, তাহলে সম্ভবত বর্তমান অবস্থানটিকে কঠোর সমালোচনা করতাম।

জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা একটি দেশের উন্নতির জন্য অপরিহার্য—এটি সরকারে যোগ দেওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বের এক প্রান্তের কোনো সংঘাতও অন্যত্র এলএনজি ও জ্বালানির দাম হঠাৎ বাড়িয়ে দিতে পারে। ইউক্রেন যুদ্ধের পর আমাদের পাঁচ থেকে দশ গুণ বেশি দামে এলএনজি কিনতে হয়েছে। সেই দামে এলএনজি কেনা সম্ভব নয়। তখন বিকল্প থাকে—রিজার্ভ শেষ করে এলএনজি কিনব, নাকি মাসের পর মাস কারখানা বন্ধ রাখব।

 

Viewed 2950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!