June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

ডেস্ক রিপোর্টঃ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে আন্দোলন করা প্রাথমিক শিক্ষকরা এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

এতে বলা হয়, গত ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও ঢাকার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচি পালন এবং এসব কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হওয়ার পর প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩ দফা দাবির মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পূর্ব ঘোষিত ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পরিবর্তন করে ২৭ নভেম্বর থেকে পুনঃনির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

এদিকে, গত ৮ নভেম্বর শাহবাগে সহকারী শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের মধ্যে চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ঝিনাইয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মিরপুর আলোক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এক নজরে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ;

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

Viewed 3600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!