March 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আটকে পড়াদের আনতে আবুধাবীতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

জাতীয় ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

 

বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।

 

১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবি ফ্লাইট নম্বর : বিএস-৩৪৯ এবং আবুধাবি-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

 

আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

 

উল্লেখ্য, জাতীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছে। দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

Viewed 1700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!