February 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে’

ডেস্ক রিপোর্টঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

 

গতকাল (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা।

 

বিবৃতিতে কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাঁপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।’

 

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।’

 

বিবৃতিতে হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!